logo

ভোট দিতে পেরে ঈদের মতো আনন্দ লাগছে: আমির হামজা

ভোট দিতে পেরে ঈদের মতো আনন্দ লাগছে: আমির হামজা

ভোট দেওয়ার পর কুষ্টিয়া-৩ আসনের (সদর) জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘জীবনে প্রথম ভোট দিলাম। বিশেষ করে আমার জীবনে প্রথম, কারণ এর আগে আমি ভোট দিতে পারিনি। ভোট দিতে পেরে শুকরিয়া আদায় করছি। ঈদের মতো আনন্দ লাগছে। আশা করছি ঈদের আনন্দ নিয়ে আজকের নির্বাচন হবে। সবাই যেন স্বতস্ফুর্তভাবে ভোট দিতে পারে, সে আকাঙ্ক্ষা করছি এবং আশাবাদ ব্যক্ত করছি।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া ইসলামীয়া কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আমির হামজা। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো শঙ্কা আসে নাই, আশা করছি শঙ্কা যেন না আসে। জনগণের রায় আমরা মনে নেব। ১৪২টা কেন্দ্র আছে, সব কয়টি কেন্দ্রে যাব। সব জায়গায় আমার এজেন্ট আছে। নির্বাচন এখন পর্যন্ত শঙ্কামুক্ত আছে। প্রশাসন ঠিক আছে। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

এই আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার ভোট দেন কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। দুই প্রার্থীই ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে এবার বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬৬টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা নিয়ে গঠিত চারটি আসনে মোট ভোটার রয়েছেন ১৭ লাখ ৪৭ হাজার ৭৬২ জন।