নির্বাচন অফিসের ভুলে ভোট দিতে পারলেন না বৃদ্ধা ছাকেরা

সিরাজগঞ্জ পৌর এলাকার সরকারি সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দিতে যান ৯২ বছর বয়সি ছাকেরা বেওয়া। ভোট দিতে গিয়ে জানতে পারেন, ভোটার তালিকায় তার নাম নেই। তার ক্রমিক নম্বরে লেখা ‘কর্তন করা হয়েছে’।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ওই ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ছাকেরা বেওয়া শহরের হোসেনপুর আল মাহমুদ অ্যাভিনিউ এলাকার বাসিন্দা।
ছাকেরা বেওয়ার ছেলে মো. মাসুদ রানা এশিয়া পোস্টকে জানান, আজ সকালে আমার বৃদ্ধ মাকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে নিয়ে যায় আমার স্ত্রী সুমি খাতুন। কেন্দ্রের বাইরে ভোটার তালিকায় ২৭২ নম্বর সিরিয়ালে তার নাম আছে। বাইরে থেকে দেওয়া স্লিপ ও এনআইডি কার্ড নিয়ে তারা ভোটকক্ষে যান।
পোলিং অফিসার সিরিয়াল নম্বর চেক দিয়ে জানান, তালিকায় আমার মায়ের নাম নেই। তালিকায় ২৭২ নম্বর সিরিয়ালে আমার মায়ের নামের জায়গায় লেখা আছে ‘কর্তন করা হয়েছে’।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মাহফুজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ভোটার তালিকায় দেখলাম, বৃদ্ধা ছাকেরা বেওয়ার নাম কোথাও নেই। বিষয়টি আমাদের এখতিয়ারের বাইরে। এটা নির্বাচন অফিসের মিসটেক।
এ বিষয়ে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মশিউর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।