প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে কুমিল্লায় পোলিং অফিসার প্রত্যাহার

কুমিল্লার তিতাস উপজেলায় প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে মৌটুপী মাদ্রাসা কেন্দ্রের পোলিং অফিসার হাসিবুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। হাসিবুল ইসলাম তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরিরত। অভিযোগ পাওয়া যায়, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন তিতাস উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমাইয়া মমিন। তিনি বলেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রাপ্ত হওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে যাচাই করা হয়। প্রাথমিক সত্যতা পাওয়ার পর হাসিবুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
হাসিবুল ইসলাম জানান, তিনি ওই কেন্দ্রের ভোটার, তাই তাকে প্রত্যাহার করা হয়েছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে সরাসরি বা পরোক্ষভাবে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অনুমতি নেই। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
নির্বাচন সংক্রান্ত সূত্র জানায়, হাসিবুলের জায়গায় বিকল্প কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।