বরিশাল-৩ আসনে হারলেন ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রায় ২১ হাজার ভোটে হেরেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী আসাদুজ্জামান ভূঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ)। তিনি বিএনপির প্রার্থী জয়নাল আবেদীনের কাছে হেরেছেন। ১২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। ঈগল প্রতীক নিয়ে ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বরিশাল ৩ আসনের বেসরকারি ফলাফল দেখে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে জানতে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পাশাপাশি তার দলের নেতাকর্মীদের ফোন দিলে তারা ফোন ধরেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আসাদুজ্জামান ভূইয়া (ফুয়াদ) এর মিডিয়া কর্মী দাবিকৃত একজন জানান, সকালে আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ) এর সাথে কথা বলা যাবে। তখন তার বক্তব্য পাওয়া যাবে।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কলেজগেট এলাকায় সাংবাদিকদের কাছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা চাচ্ছি একটা ভালো নির্বাচন হোক। ভয়মুক্ত হয়ে ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিক। এটাই আমাদের চাওয়া।