logo

তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুর

তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, বিএনপি ‘জাতীয় সরকার’ গঠন করলে আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গলাচিপা হাই স্কুল মাঠে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, তারেক রহমান বলেছেন, দশমিনা ও গলাচিপাকে আর পিছিয়ে রাখবেন না, উন্নয়ন থেকে বঞ্চিত করবেন না। যদি তারেক রহমানের জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখতে চান, তাহলে আগামী ১২ তারিখ ট্রাক মার্কায় ভোট দিতে হবে।

তিনি বলেন, এই অঞ্চলের হাতে বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু সঠিক সিদ্ধান্ত না নিলে ভবিষ্যৎ শুধু দুর্ভোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এলাকার উন্নয়ন এবং ছেলেমেয়েদের চাকরির সুযোগ নিশ্চিত করতে হলে সবাইকে সচেতনভাবে ভোট দিতে হবে।

এ সময় জনসভায় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।