আজ দক্ষিণাঞ্চল সফরে যাবেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলের চারটি জেলা বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর সফর করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া বরিশালের মেহেন্দীগঞ্জে পথসভা করবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
তিনি জানান, শুক্রবার বরিশাল বিভাগের তিন জেলায় টানা তিনটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন ডা. শফিকুর রহমান। তিনি ‘দাঁড়িপাল্লা’ ও জোটের প্রতীকের পক্ষে মাঠে নেমে প্রচারণা চালাবেন। হেলিকপ্টারযোগে এই সফর সম্পন্ন করা হবে, যাতে অল্প সময়ে একাধিক গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীদের পক্ষে জনমত গঠনের সুযোগ তৈরি হয়। এসব জনসভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এবং ১১ দলীয় জোটের মোট ২০ জন প্রার্থী উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, ৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রথম নির্বাচনি জনসভায় যোগ দেবেন ডা. শফিকুর রহমান। এরপর বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে পটুয়াখালীর বাউফলে দ্বিতীয় জনসভায় বক্তব্য দেবেন। জুমার নামাজের পর পিরোজপুর ও ঝালকাঠিতে জনসভায় অংশ নেবেন তিনি।
দলীয় প্রধানের আগমন সফল করতে সংগঠনটির স্ব স্ব স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা নানা উদ্যোগ নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।