নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না: জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফুলতলা উপজেলার শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘দেশ কে চালাবে, সেটা জনগণের রায়ের মাধ্যমে প্রতিফলিত হবে। সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আমরা ভোটারদেরকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাব।’
ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘আমি তো আমার কেন্দ্রই দেখতে পাচ্ছি। পরিবেশ শান্তিপূর্ণ আছে। আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন।’
তিনি আরও বলেন, ‘২০১৮ সালে আমি এই আসনের প্রার্থী ছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে স্মরণ করতে হয়, আমাকে ভোটের দিন সকালে বলা হয়েছিল—আপনি ভোটকেন্দ্রে আসবেন না, আসলে গ্রেপ্তার করা হবে। তো আজকে সেই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে, শতশত মানুষ ভোট দিচ্ছে। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশাকরি ভোটের পর আরেকটা পরিবর্তিত বাংলাদেশ এই জাতি উপহার পাবে।’