লক্ষ্মীপুরে নির্বাচনি মাঠে ১০ প্লাটুন বিজিবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদার করতে লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে বিজিবি সদস্যরা মোবাইল টহল ও স্ট্রাইকিং ফোর্স কার্যক্রম শুরু করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।
বিজিবি সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে নির্বাচনের সার্বিক নিরাপত্তার দায়িত্বে ১০ প্লাটুন বিজিবি মাঠে রয়েছে। তারা সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনি এলাকায় স্থাপিত অস্থায়ী বেজ ক্যাম্পে অবস্থান করবে। এছাড়া গুরুত্বপূর্ণস্থানে সাঁড়াশি অভিযান, অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে টহল কার্যক্রম পরিচালনা করবে।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিজিবির লক্ষ্য। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করা হবে।