আমরা চাচ্ছি একটা ভালো নির্বাচন হোক: ফুয়াদ

বরিশাল-৩ আসনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আমরা চাচ্ছি একটা ভালো নির্বাচন হোক। ভয়মুক্ত হয়ে ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিক। এটাই আমাদের চাওয়া।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কলেজগেট এলাকায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বরিশালের মাদবপাশা এলাকার একটি কেন্দ্রের বাইরে ভোটার নম্বর স্লিপ দিচ্ছিল আমাদের নেতাকর্মীরা। সেখানে আমাদের একটি টেবিল উঠিয়ে দিয়েছে বিএনপির লোকজন।
বরিশালে মোট ৮৩৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ২৫৫, গুরুত্বপূর্ণ ২৩৬টি আর সাধারণ ৩৪২টি। এসব ভোটকেন্দ্রের সেনাবাহিনীর প্রায় ১ হাজার ৫০০ সদস্য, পুলিশের ২ হাজার ৬৬৭ সদস্য, ১৪ প্লাটুন বিজিবি নিয়োজিত আছে। শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এ ছাড়া ১০ হাজার ৮২৯ জন আনসার সদস্য ভোটের মাঠে কাজ করছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বরিশালের ছয়টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয়টি আসনে মোট ভোটার ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ২৬ হাজার ৭৩৮ জন আর পুরুষ ভোটার ১১ লাখ ৫৮ হাজার ২২০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছে ২০ জন।