logo

‘স্মার্ট ইলেকশন’ অ্যাপে এক ক্লিকেই মিলবে ভোটকেন্দ্রসহ সব তথ্য

‘স্মার্ট ইলেকশন’ অ্যাপে এক ক্লিকেই মিলবে ভোটকেন্দ্রসহ সব তথ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘Smart Election Management BD’ নামের এই অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে ভোটাররা সহজেই জানতে পারবেন নিজেদের ভোটকেন্দ্রের অবস্থানসহ নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে উন্মুক্ত করা হয়েছে। স্মার্টফোনে অ্যাপটি ইনস্টল করলেই ভোটকেন্দ্রের অবস্থান, জিও-লোকেশন, দূরত্ব, কেন্দ্রের ছবি ও ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখা যাবে।

শুধু ভোটকেন্দ্রের তথ্যই নয়, এই অ্যাপের মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত হালনাগাদ তথ্য এবং ভোটের ফলাফলও জানা যাবে। ফলে ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষ ও নির্বাচন নিয়ে আগ্রহী যে কেউ সহজেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।

অ্যাপটি ব্যবহার করতে প্রথমবার ইনস্টল করার পর জন্মতারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর দিতে হবে। এরপর ব্যবহারকারী জানতে পারবেন—বর্তমানে কোন সংখ্যক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, নিজের ভোটার আইডি নম্বর, কোন ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন, সেই কেন্দ্রের নাম ও ঠিকানা, ভোট দেওয়ার সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় নানা তথ্য।

এ ছাড়া অ্যাপের মাধ্যমে প্রার্থীদের প্রতীকসহ নির্বাচনসংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্যও দেখা যাবে। ফলে ভোট দেওয়ার আগে ভোটারদের বিভ্রান্তি কমবে এবং নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।