logo

বিএনপি মোনাফেকি দলে পরিণত হয়েছে: শিবির সভাপতি 

বিএনপি মোনাফেকি দলে পরিণত হয়েছে: শিবির সভাপতি 

বিএনপি একটি মোনাফেকি দলে পরিণত হয়েছে। তারা কথা দিয়ে কথা রাখে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়ার কাহালু উপজেলার এক সভায় এ মন্তব্য করেন তিনি।

এ দিন উপজেলার কাহালু রেলস্টশনের সামনে বটতলা এলাকায় জামায়াতে ইসলামীর মার্চ ফর দাঁড়িপাল্লা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

এ সময় ছাত্রশিবিরের সভাপতি সাদ্দাম বলেন, তারা কথা দিয়ে কথা রাখে না এটা তাদের স্বভাব-চরিত্রে রয়েছে। ২০০১ সালে তারা বলেছিলেন ৫০০০ টাকা সুদসহ কৃষকের ঋণ মওকুফ করা হবে তারা কথা রাখেননি; আবার ২০২৬ সালে তারা বলছে ১০ হাজার টাকা ঋণ সুদসহ মওকুফ করবে কৃষকের।যারা এক সালেই কথা রাখেনি, তারা ২৬ সালে কথা রাখবে? এরা ঘোষিত বেইমান। তারা বলেছিল, স্বাস্থ্যবিমা করে দেবে প্রত্যেক নাগরিকের। স্বাস্থ্য খাত থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে তারা। তারা বেকারদের ভাতার ব্যবস্থা করবে। আবার সেই একই কথা বলছে। তারা এক সালে যে কথা রাখেনি আবার সেই ভণ্ডামো শুরু করেছে, এতে কোনো সন্দেহ নেই।

বিএনপিকে উদ্দেশ করে ছাত্রশিবিরের সভাপতি বলেন, আপনারা জনগণকে যে মিথ্যা আশ্বাস দিচ্ছেন, আপনাদের ১০ বছরের শাসনামল দেখেছে। এই দশ বছরে দুর্নীতিতে আপনারা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। 

গণভোট নিয়ে নুরুল ইসলাম সাদ্দাম জানান, হ্যাঁ-এর পক্ষে ভোট দিলে রাষ্ট্রপতি যাকে ইচ্ছা ক্ষমা করতে পারবে না। সংবিধান চাইলে পরিবর্তন করতে পারবে না। ন্যায়ের পক্ষে রায় দেওয়া মানে আজাদির পক্ষে রায় হবে ন্যায়ের পক্ষে রায় দেওয়া মানে আধিপত্যবাদের করাল গ্রাস থেকে আমাদের ভূখণ্ড রক্ষা করা। 

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। মার্চ ফর দাঁড়িপাল্লা শীর্ষক এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। শনিবার সকাল থেকে কাহালু উপজেলা সদর থেকে শুরু হওয়া এই নির্বাচনি প্রচারণা বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলার বিবিরপুকুর স্ট্যান্ডে এসে শেষ হয়।