বগুড়ায় নির্বাচনি বুথ ভাঙচুরের পর জামায়াত নেতাকে উঠিয়ে নেওয়ার অভিযোগ

বগুড়া-৬ (সদর) আসনে মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকন্দ্রে জামায়াতে ইসলামীর বুথ ভাঙচুর ও দলটির এক ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমানকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট শুরুর পর সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় জামায়াতের অন্তত তিন নেতাকর্মীকে মারধর করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, ঘটনার পর থেকেই শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের ৭ নাম্বার ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান নিখোঁজ রয়েছেন।
বগুড়া শহর জামায়াতের গণমাধ্যমবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন বলেন, বিভিন্ন স্থানের মতো করে বগুড়াতেও আমাদের নেতাকর্মীদের ওপরে হামলা ও আক্রমণ হচ্ছে। শেখেরকোলায় বিএনপি আমাদের নির্বাচনি বুথে হামলার পর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহাফুজকে তুলে নিয়ে গেছে। এখনও তার সন্ধান পাওয়া যায়নি।
বগুড়া সদর থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ আমলে নেওয়া হয়েছে।