logo

জীবনের প্রথম জাতীয় নির্বাচনে ভোট দিলেন নুর

জীবনের প্রথম জাতীয় নির্বাচনে ভোট দিলেন নুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর জাতীয় নির্বাচনে জীবনের প্রথম ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন। ভোট প্রদান শেষে কেন্দ্রের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

নুরুল হক নুর বলেন, ’৩৩ বছর বয়সে জীবনের প্রথম জাতীয় নির্বাচনে ভোট দিলাম, আর আমি নিজেই একজন প্রার্থী। আজ প্রথমবার ভোট দিতে পেরে ভালো লাগছে। দীর্ঘদিন পর দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে—এটাই বড় অর্জন। আশা করছি, দিনশেষে জনগণের রায়ই প্রতিফলিত হবে।’

এদিকে, পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে একযোগে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো জেলাজুড়ে উৎসবমুখর আমেজ বিরাজ করছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৬১ হাজার ৯৮৬, নারী ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৫৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন।

জেলায় স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ৫১৩টি। স্থায়ী ভোটকক্ষ ২ হাজার ৮৯০টি এবং অস্থায়ী ভোটকক্ষ ২৪৬টি—মোট ভোটকক্ষের সংখ্যা ৩ হাজার ১৩৬টি। জেলার ৮টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৭৭টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ চলছে।