দৃষ্টান্ত স্থাপন করলেন সারজিস আলম

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম পরাজিত হয়েছেন। নির্বাচনে হারলেও রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ এই নেতা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা জানাতে রাতেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান সারজিস আলম।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি তার প্রতিদ্বন্দ্বী নওশাদ জমিরকে অভিনন্দন জানান। এ সময় দুই দলের উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ করা যায়।
নওশাদ জমিরকে অভিনন্দন জানিয়ে সারজিস আলম বলেন, আমরা পঞ্চগড়-১ আসনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। জনগণ যদি একজন প্রার্থীকে এক ভোটেও এগিয়ে রাখে, তাহলে তাকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকেই আমি নিজে এসে তাকে অভিনন্দন জানিয়েছি এবং এই আনন্দের মুহূর্তে পাশে থাকার চেষ্টা করেছি।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি। আগামী পাঁচ বছরে পঞ্চগড়-১ আসনের উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্য ভালো কোনো উদ্যোগ নিলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
জানা গেছে, পঞ্চগড়-১ আসনে মোট ১৫৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। আর সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। ৮ হাজার ১২০ ভোটে হেরেছেন সারজিস।