logo

ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন ঢাকা ৭ আসনের জামায়াত প্রার্থী

ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন ঢাকা ৭ আসনের জামায়াত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন ঢাকা-৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী হাজি এনায়েতুল্লাহ। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

হাজি এনায়েতুল্লাহ সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ভোট গণনার সময় দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং ফলাফল বিবরণীতে তাদের স্বাক্ষর নেওয়া হয়নি। 

তিনি বলেন, ভোট ভালো হয়েছে। রেজাল্ট আসছিল। কিন্তু হঠাৎ করে কেন্দ্রের রেজাল্ট দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। এজন্য গত রাতেই আমরা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দিয়েছি। আমরা মনে করি, ভোট পুনর্গণনা হলে এই আসনের ফলাফল পরিবর্তন হবে।

নির্বাচন কমিশনের প্রতি ফলাফল স্থগিত রাখার জোরালো দাবি জানিয়ে তিনি আরও বলেন, এখানে বিচার না পেলে আমরা হাইকোর্টে যাব। কারণ সেখানে ব্যাপক কারচুপি হয়েছে। ঘটনার সময় প্রশাসনের সাহায্য চাওয়া হলেও তারা ভয় পেয়ে চলে গিয়েছিল।

আমার নির্বাচনি এলাকার ভোটারদের রায়ের সঠিক প্রতিফলন হয়নি, ভোট পুনর্গণনা হলে এসব অনিয়মের সত্যতা প্রকাশিত হবে, সঠিক ভোট সংখ্যা জানা যাবে। আমি অনতিবিলম্বে ফলাফল ঘোষণা স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি।