নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করলেন নুর

পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পটুয়াখালীর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব অভিযোগ করেন।
নুর বলেন, এলাকায় পরপর অন্তত পাঁচটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে একটি বাড়িতে অগ্নিসংযোগ, একটি অফিস পুড়িয়ে দেওয়া, এক নারীকে ধর্ষণের পর হত্যা, চর বোরহানী অফিস ভাঙচুর এবং মানুষকে কুপিয়ে আহত করার ঘটনা। এ ধরনের গুরুতর অপরাধ সংঘটিত হলেও প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক নয় বলে দাবি করেন তিনি।
এসব বিষয়ে তিনি নির্বাচন কমিশনের সচিব ও পুলিশের মহাপরিদর্শককেও (আইজিপি) অবহিত করেছেন। অভিযোগে তিনি বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী এলাকার চিহ্নিত চর দখলকারী, ভূমিদস্যু ও চাঁদাবাজ মাফিয়াদের নিয়ে এই শান্তিপূর্ণ জনপদে অশান্তি সৃষ্টি করছেন এবং পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছেন।
তিনি আরও বলেন, আমাদের এজেন্ট ও ভোটাররা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এসব অপকর্ম বন্ধে প্রশাসন যদি শক্ত ব্যবস্থা না নেয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ভিপি নুর বলেন, আমি একটি দলের প্রধান ও সাবেক ভিপি। আমার মতো একজন প্রার্থী যদি এমন নিরাপত্তাহীনতায় থাকি, তাহলে সারা দেশের পরিস্থিতি কেমন হতে পারে তা ভেবে আমি উদ্বিগ্ন।