logo

হারাগাছে এনসিপি নেতার বাড়ি ভাঙচুর, ভোট পুনর্গণনার দাবি

হারাগাছে এনসিপি নেতার বাড়ি ভাঙচুর, ভোট পুনর্গণনার দাবি

রংপুরের হারাগাছ এলাকায় নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা ও এক নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। একইসঙ্গে ভোট পুনর্গণনার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন রংপুর-৪ আসনে বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে হারাগাছ এলাকায় বিক্ষোভ মিছিল করেন এমদাদুল হক ভরসা। এ সময় তিনি নির্বাচনের ফলাফলে কারচুপির অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানান। পরে সড়ক অবরোধ করা হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই এলাকায় সড়ক অবরোধের খবর পাওয়া যায়।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অবরোধের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি হয়। 

তার গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টার অভিযোগও করেন তিনি।

অন্যদিকে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিক্ষোভ মিছিল থেকে হারাগাছ এনসিপি নেতা সুমনের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।

শুক্রবার বিকেলে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ভায়েরহাটের মুন্সিপাড়ায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, হারাগাছে এনসিপি নেতাকর্মীদের বাড়িঘর ও অফিস ভাঙচুর করা হয়েছে এবং কয়েকজনকে মারধর করা হয়েছে। তার দাবি, অন্তত চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, ভোট গণনার সময় কয়েকটি কেন্দ্রে তাদের এজেন্টদের থাকতে দেওয়া হয়নি এবং বাইরে অবস্থানরত নেতাকর্মীদের মারধর করা হয়েছে। পাশাপাশি এক বিএনপি নেতার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তোলেন তিনি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হারাগাছ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।