প্রতিদ্বন্দ্বী দলের নেতারা অনেক কেন্দ্রে মহড়া দিচ্ছেন: নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রতিদ্বন্দ্বী দলের নেতাকর্মীর পক্ষ থেকে অনেক কেন্দ্রেই মহড়া দেওয়া হচ্ছে, ভোটারদের ভয় দেখানো হচ্ছে যা আচরণবিধি লঙ্ঘন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাড্ডা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বেড়াইদ ও সাতারপুল এই দুইটা জায়গায় আমাদের কয়েকটা কেন্দ্র রয়েছে। সেখানে আমাদের সমর্থকদের ধাওয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি সেখানে শান্ত হয়। কিন্তু সবকিছু মিলিয়ে প্রচুর ভোটার আসছে, তারা ভোট দিতে চাচ্ছে। এখন পর্যন্ত আমরা এটাই দেখতে পাচ্ছি।
নাহিদ বলেন, আমাদের যে অন্যান্য প্রার্থী রয়েছেন ঢাকা-৮, নোয়াখালী-৬, কুড়িগ্রাম-২ সেসব জায়গায় কিন্তু আমরা অনেক বড় ধরনের ঝামেলার কথা শুনতে পাচ্ছি। আমাদের প্রার্থী ও তার সমর্থকদেরকে বাধা দেওয়া হচ্ছে, এজেন্টদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনকে সবকিছু জানাচ্ছি, যখন যেটা করতেছে।
তিনি বলেন, আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা ভোট কেন্দ্রে আসুন। কারণ, ভোটারদের উপস্থিতি সবকিছু নির্ধারণ করবে। জয় পরাজয়ের থেকে বড় কথা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারছি কি না, এটাই এখন মূল লক্ষ্য।