logo

সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালানো যাবে না: ইসি সচিব

সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালানো যাবে না: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনি প্রচার-প্রচারণা আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে। এ সময়ের পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও কোনো ধরনের নির্বাচনি প্রচার-প্রচারণা চালানো যাবে না।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

ইসি সচিব বলেন, ‘আমরা আশা করি, সবাই প্রচার-প্রচারণা শেষ হওয়ার পর নির্বাচনের বাকি দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট হবেন।’

তিনি বলেন, ‘ভোট নিয়ে এখন আর কোনো শঙ্কা নেই। নির্বাচনের বেশি সময় আর বাকি নেই। মঙ্গলবার সকাল থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও যেন প্রচার-প্রচারণা বন্ধ থাকে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল প্রচারণা নিবিড়ভাবে মনিটরিং করা হবে।’

ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, ‘কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, দলীয় মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না। একইসঙ্গে ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ করতে হবে।’

বিধিমালার ১৯ ধারায় প্রচারসামগ্রী অপসারণের বিষয়ে বলা হয়েছে, ‘ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকায় ব্যবহৃত নিজ নিজ প্রচারসামগ্রী প্রার্থীকে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে।’

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

নির্বাচনে সব মিলিয়ে ২ হাজারের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আড়াই শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছে, বাকিরা ৫১টি দলের প্রার্থী।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ জন প্রার্থী। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন ৩২ জন প্রার্থী।

সংসদ নির্বাচন ও গণভোট একইসঙ্গে হওয়ায় এবার ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে একযোগে এই ভোট অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে সম্প্রতি জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। ওই আসনে পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।