সুন্দরবন উপকূলে ঝুঁকিপূর্ণ ৬৬ ভোটকেন্দ্র, কঠোর নজরদারিতে কোস্টগার্ড

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সুন্দরবন উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর ৬৬টি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উৎসবমুখর ও নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে বাহিনীটি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে জানমাল রক্ষা এবং উপকূলবাসীর আস্থা অর্জনে কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কোস্টগার্ড বদ্ধপরিকর। এ লক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে বাহিনীটি মোতায়েন রয়েছে এবং আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী দায়িত্ব পালন করবে।
এর ধারাবাহিকতায় কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা-০১, খুলনা-০৬ ও পিরোজপুর-০৩ সংসদীয় আসনের দাকোপ, কয়রা ও মঠবাড়িয়া উপজেলার নির্ধারিত নির্বাচনি এলাকাগুলোর ১৬টি ইউনিয়নের মোট ৬৬টি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
এদিকে, একটি জবাবদিহিমূলক, জনকল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার একই দিনে গণভোটের আয়োজন করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কোস্টগার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তার মাধ্যমে কোস্টগার্ড পশ্চিম জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরিবেশ সৃষ্টিতে কোস্টগার্ড জাতির নিকট প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়িত্ব পালনে সদা তৎপর থাকবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।