ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যতের দিক নির্ধারণ করবে: হাবিব

ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এ নির্বাচনে জনগণ যদি ব্যাপকভাবে ভোট দেয়, তা দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। ভোটারদের নিজের পরিবার, আত্মীয় ও প্রতিবেশীদের নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হক আবাসিক সোসাইটি পরিচালনা পরিষদের উদ্যোগে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, এই নির্বাচন আমাদের অনেক সহযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে এসেছে। শহীদ শরীফ ওসমান হাদিসহ বহু সহযোদ্ধা জীবন উৎসর্গ করেছেন। তাদের প্রতি সম্মান জানাতে ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যতের দিক নির্ধারণ করবে।
তিনি বলেন, আমাদের এলাকায় গ্যাসের সমস্যা, পানির সমস্যা, জলাবদ্ধতা রয়েছে। শিশুদের জন্য খেলার মাঠ নেই, হাসপাতাল একটিমাত্র এবং তা আধুনিকীকরণের প্রয়োজন। এসব সমস্যার সমাধান করা যাবে নির্বাচনের মাধ্যমে জনগণকে শক্তিশালী করে।
বিএনপির এ প্রার্থী বলেন, দল কখনো মাদক, চাঁদাবাজি ও অপরাধে জড়িতদের আশ্রয় দেবে না। এ সময় তিনি সবাইকে সততা ও আইন মেনে এলাকার উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান।
দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও নেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও আত্মত্যাগের কথা উল্লেখ করে হাবিব বলেন, আমরা কখনোই মানুষের ক্ষতি করে দলের স্বার্থে কাজ করতে পারব না।
তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে দল এলাকার সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করবে। তিনি এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, নিরাপদ এবং উন্নয়নমুখী ঢাকার স্বপ্ন বাস্তবায়ন করতে চান।