নির্বাচনকে প্রভাবিত করতে চাইলে বিন্দুমাত্র সুযোগ দেওয়া হবে না: সারজিস

নির্বাচনকে যদি কেউ প্রভাবিত করতে চায় বিন্দুমাত্র সে সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, আমরা যখন মাঠ পর্যায়ে উঠান বৈঠক, পথসভাতে গিয়েছি বেশ কিছু কেন্দ্রের দায়িত্বশীল আমাদেরকে বলেছেন, আমরা যেন সেসব কেন্দ্রের ব্যাপারে এক্সট্রা নজরদারি রাখি। প্রশাসনকেও যেন জানিয়ে রাখি এই জায়গায়, অন্য যে আরেকটি রাজনৈতিক দল রয়েছে তাদের কিছু নেতাকর্মী আছেন যারা উগ্রতা পোষণ করেন। তাদের একটাই লক্ষ্য যেকোনো মূল্যে কেন্দ্রে জিততে হবে। মানুষ কি ভোট দিল না দিল সেটা বড় কথা না। তারা তাদের কেন্দ্রের বড় নেতাদেরকে কথা দিয়েছে এসব কেন্দ্রে তারা জিতবে।
তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট যেকোনো অংশে বিন্দুমাত্র পক্ষপাতিত্ব আচরণ আমরা দেখি আমরা আমাদের জায়গা থেকে সেখানে রাজনৈতিকভাবে যে পদক্ষেপ নেওয়ার আমরা সে পদক্ষেপ নেব। বিন্দুমাত্র নির্বাচনে যদি কেউ প্রভাবিত করতে চায়, এই নির্বাচনে কাউকে সে সুযোগ দেওয়া হবে না।
এনসিপির কেন্দ্রীয় এই নেতা বলেন, বিএনপির পক্ষ থেকে যখন তারা বুঝতে পারছে মাঠ পর্যায়ে তাদের অবস্থা ভালো না। কারণটা হচ্ছে এখন মানুষ বিগত দেড় বছরের আমলনামা যাচাই করা শুরু করেছে আরকি। বিএনপির ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে তিন থেকে পাঁচজন এমন কিছু কাজ করেছে যে কারণে মানুষজন অসন্তুষ্ট হয়েছে। কিছুটা অনেকের কষ্টের কারণ হয়ে গেছে। মানুষ বলছে আমরা এবার শাপলা কলিতেই আস্থা রাখতে চাই।
মতবিনিময় সভায় পঞ্চগড় জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, খেলাফত মজলিসের আমির হাফেজ মীর মোর্শেদ তুহিন, পঞ্চগড়-১ আসনে শাপলা কলি প্রতীকের নির্বাচনি এজেন্ট জামায়াত নেতা নাসির উদ্দিন সরকার, পঞ্চগড়ে ১১ দলীয় জোটের আইনি পরামর্শক ব্যারিস্টার আল মাহমুদ হিমু, এনসিপি নেতা শিশির আসাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।