‘শাপলা কলি বিজয়ী হলে আর কোনো সন্ত্রাস মাদক দুর্নীতি থাকবে না’

শাপলা কলি বিজয়ী হলে আর কোনো সন্ত্রাস, মাদক, দুর্নীতি থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়ায় শহীদ মোস্তফা খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সজীব ভূঁইয়া বলেন, দেশের মানুষ এখন যোগ্য, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করে। শাপলা কলি মার্কা সেই পরিবর্তনের প্রতীক। বিগত ১৭ বছরে একটি দল মানুষের ভোটাধিকার হরণ করেছে। বর্তমানে একটি দল মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের হুঁশিয়ার করে দিতে চাই– বাংলার মানুষ আপনাদের চরমভাবে প্রতিহত করবে।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ১১ দলীয় জোট প্রার্থী শামীম হামিদীর শাপলা কলি প্রতীক বিজয়ের লক্ষ্যে আয়োজিত নির্বাচনি জনসভায় মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আব্দুল জলিল শরীফের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের ১১ দলীয় জোট (এনসিপি) প্রার্থী ড. শামীম হামিদী, জামায়াত মনোনীত পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী, মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।