logo

বাবা-ভাইকে নিয়ে ভোট দিলেন সারজিস, জয়ের ব্যাপারে আশাবাদী

বাবা-ভাইকে নিয়ে ভোট দিলেন সারজিস, জয়ের ব্যাপারে আশাবাদী

বাবা-ভাইকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সারজিস আলম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন সারজিস।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সারজিস বলেন, ‘উৎসব মুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের পঞ্চগড়-১ আসনের প্রতীক শাপলা কলিতে ভোট দিলাম। গণভোটে হ্যাঁ ভোট দিয়েছি। একটা অভ্যূত্থানের পরে হাজারও শহীদের জীবনের বিনিময়ে এই বাংলাদেশে অনেক আশা নিয়ে পরিবর্তনের আশায় নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভোট দিলাম। একটা সুষ্ঠু নির্বাচন আমরা পাব। আমরা যেন জনগণের ভোটের ওপরে মতামতের ওপরে আস্থাটুকু রাখি।’

তিনি বলেন, প্রত্যেকটা ভোট সেন্টারে যেন সুষ্ঠু স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা পরিবেশ বজায় থাকে। ভোটগ্রহণের সঙ্গে যারা যুক্ত পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা সবাই তাদের কাছে সর্বোচ্চ পেশাদার আচরণ প্রত্যাশা করি। আমরা মনে করছি ইনশাআল্লাহ আমরা সকল রাজনৈতিক দল এই জায়গায় আমাদের ওইটুকু ন্যূনতম উদার মানসিকতা দেখাতে পারি, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। এখানে সবচেয়ে বড় হচ্ছে, যত রাজনৈতিক দলগুলো যে আছে তাদের নেতাকর্মী যারা আছে, তাদের সহনশীল আচরণ। 

সারিজস বলেন, আমরা বিগত কয়েকদিন ধরে পঞ্চগড়-১ আসনে বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের জায়গা থেকে বিভিন্ন জায়গায় বাধা দিতে দেখেছি, হুমকি দিতে দেখেছি। ভয়ভীতির পরিবেশ তৈরি করতে দেখেছি।  আমরা প্রত্যাশা করব, আজকের নির্বাচনের দিনে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ হবে না।

সারজিস আরও বলেন, সকাল থেকে যে অবাধ, সুষ্ঠু পরিবেশ বিকেল পর্যন্ত বজায় থাকে তাহলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। তবে মঙ্গলবার এই নির্বাচনে আমরা কাউকে ভোট প্রভাবিত করে জয়ী হতে দেব না। আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমরা সুস্থ ভোটে সর্বাত্মক সহযোগিতা করব। তারাও যেন তাদের জায়গা থেকে সহযোগিতা করে।