logo

নাটোরের ৪ আসনেই ধানের শীষের জয়জয়কার

নাটোরের ৪ আসনেই ধানের শীষের জয়জয়কার

নাটোরের চারটি সংসদীয় আসনের সবকটিতেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১টায় নাটোরের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

জেলার ৪টি আসনে বিজয়ী বিএনপি প্রার্থীরা হলেন নাটোর-১ আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ আসনে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনে আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর-৪ আসনে আব্দুল আজিজ।

প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট। এছাড়া এই আসনে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু (কলস প্রতীক) ৭৩ হাজার ১৭৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

জেলা সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সবকটি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬ ভোট।

নাটোর-৩ (সিংড়া) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ের মালা পরেছেন বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু। তিনি ১ লাখ ১৯ হাজার ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ পেয়েছেন ৬৬ হাজার ৪৯২ ভোট। ৩ লাখ ২৬ হাজার ৮৭২ জন ভোটারের এই আসনেও ধানের শীষের বিজয় নিশ্চিত হয়।

অপরদিকে, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে ১ লাখ ৭০ হাজার ৫৫১ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আব্দুল আজিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট। এই আসনে মোট ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই সীমাবদ্ধ ছিল বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই।