কেন্দ্র দখল করতে গেলে সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

কেউ কেন্দ্র দখল করতে চাইলে ছাড় দেওয়া হবে না, সিসিটিভি ফুটেজ দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের শাহাব উদ্দিন মিলনায়তনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার কোথাও কেন্দ্র দখল যেন না হয়, সেজন্য কেন্দ্রে সিসিটিভি লাগানো হচ্ছে। পুলিশকে ২৫ হাজার ৭০০ বডি ক্যামেরা দিচ্ছি। আমরা ড্রোন ব্যবহার করছি। সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হচ্ছে। এবার যদি কেউ কেন্দ্র দখল করতে যায়, কেউ ছাড় পাবে না। সে ভাই হোক আর বোন। তার ছবি এখানে থেকে যাবে। তিন দিন হোক আর চার দিন, বা ৬ মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পর হলেও সে ধরা খাবে।
জাহাঙ্গীর আলম বলেন, ফলাফল রেডি হয়ে গেলে ঘোষণা দিয়ে দেবে। এখন তো ফলাফল পাওয়া একদম সুবিধা। প্রত্যেকটা কেন্দ্রে যার যার এজেন্ট থাকবে। কে কত ভোট পেয়েছেন এজেন্ট সঙ্গে সঙ্গে প্রার্থীকে মোবাইলে জানিয়ে দেবে। সরকারিভাবে ফল ঘোষণার আগেই মোবাইলের মাধ্যমে ফলাফল আজকাল পাওয়া যায়। তবে এবার কারচুপির কোনো সুযোগ নেই।
এ সময় বিভাগীয়, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলাপ্রশাসক, পুলিশ সুপার, র্যাব-বিজিবি, আনসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন।