logo

ভোটকেন্দ্রে তোপের মুখে পাটওয়ারী, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

ভোটকেন্দ্রে তোপের মুখে পাটওয়ারী, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

ঢাকা-৮ আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ভোটকেন্দ্রে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী পাটওয়ারীকে নিরাপদে সরিয়ে নেয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে সরকার উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দলীয় নেতাকর্মীদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী কেন্দ্রে প্রবেশ করলে মির্জা আব্বাসের সমর্থকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পাটওয়ারী ও আব্বাস সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর একটি দল পাটওয়ারীকে সরিয়ে নেয়।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের পুলিশ টিমের সদস্য খায়রুল জানান, স্লোগান দেওয়া ব্যক্তিদের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারী এ কেন্দ্রের ভোটার না, তাহলে কেন তিনি প্রবেশ করবে।

সরেজমিন কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে মূর ফটকের সামনে মির্জা আব্বাসের সমর্থকরা অবস্থান করছেন। তবে অন্য প্রার্থীর কাউকে দেখা যায়নি। 

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ঢাকার রেলওয়ে কলোনি উচ্চবিদ্যালয় কেন্দ্রে মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। প্রিসাইডিং অফিসার সরাসরি বিএনপির পক্ষ নিয়ে কাজ করছেন। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়।

তিনি আরও লিখেছেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।