ঝিনাইদহে একটিতে বিএনপি, ৩টিতে জামায়াতের জয়

ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী তিনটি এবং বিএনপি একটিতে জয় পেয়েছে। ঝিনাইদহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-২ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনে জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনে জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা আবু তালিব প্রাথমিকভাবে বিজয়ী হয়েছেন।
ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা) আসন বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আসাদুজ্জামান বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৭১৫৯৮ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনে জামায়াতের আলী আজম মোহাম্মদ আবু বকর বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট দাঁড়িপাল্লা ১২২৯০৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের অ্যাডভোকেটে এমএ মজিদ পেয়েছেন ১১৩২৯৪ ভোট।
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা) আসনে জয় পেয়েছে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান। তার প্রাপ্ত ভোট ১৭৩৯৩৪ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেহেদী হাসান রনি পেয়েছেন ১৪৯৪১২ ভোট।
এ আসন থেকে এবারই প্রথম কেউ কোটচাঁদপুর উপজেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে অনুষ্ঠিত ১২টি সংসদ নির্বাচনে নির্বাচিত সবার বাড়ি ছিল ভারতীয় সীমান্তবর্তী মহেশপুর উপজেলায়।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের চার ইউনিয়ন) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের আবু তালিব। তার প্রাপ্ত ভোট দাঁড়িপাল্লা ১০৪০৩১, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের কাপ পিরিচ প্রতীকে ৭৫৭৫০ এবং বিএনপি রাশেদ খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৬৭০ ভোট।