জুলাই সনদের প্রতিশ্রুতি পর্যায়ক্রমে পূরণ করবে বিএনপি: মির্জা ফখরুল

জুলাই সনদে দেওয়া সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বিএনপি পূরণ করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা জুলাই সনদে যা যা সই করেছি, তার সবগুলোই পূরণ করব। অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজগুলো শুরু করতে যাচ্ছি। আমাদের যে ৩১ দফা সংস্কার প্রস্তাব রয়েছে, তা-ও পর্যায়ক্রমে কার্যকর করা হবে।
নির্বাচনি ফলাফল বিশ্লেষণ করে বিএনপি মহাসচিব বলেন, রংপুর বিভাগে জামায়াতে ইসলামী বেশি আসন পেলেও বৃহত্তর দিনাজপুরের চিত্র ভিন্ন। তিনি উল্লেখ করেন, রংপুর বিভাগে জামায়াত বেশি আসন পাওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। কিন্তু দিনাজপুর জেলায় জামায়াত একটি আসনও পায়নি। বৃহত্তর দিনাজপুরের ১১টি আসনের সবকটিতে বিএনপি জয়লাভ করেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমরা অত্যন্ত আশাবাদী যে, রাজনৈতিকভাবে সঠিকভাবে কাজ করতে পারলে এই বিশেষ প্রবণতাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে।
সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করলেও দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকাতুর ছিলেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের মানুষ অত্যন্ত সুন্দর, শান্তিপ্রিয় এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিয়েছেন। এই জয় যেমন আমাদের জন্য আনন্দের, তেমনি এতে মিশে আছে গভীর বেদনা।
আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকলে আজ এই আনন্দ আরও বহুগুণ বেড়ে যেত। যিনি সারা জীবন গণতন্ত্র ও অধিকারের জন্য সংগ্রাম করেছেন, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই—এটি আমাদের জন্য সবচেয়ে বড় দুঃখের বিষয়।
সাক্ষাৎকার শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।