সেনাবাহিনীর হাতে তাহিরপুরের বিএনপি ও ছাত্রদল নেতা আটক

সুনামগঞ্জের ধর্মপাশায় একটি কেন্দ্রের আশপাশ থেকে তাহিরপুর উপজেলা বিএনপি ও ছাত্রদলের দুজনকে আটক করে সেনাবাহিনী। তারা হলেন যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এস এম মুন্নাকে আটক করেছে সেনাবাহিনী। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ওসি।
আটককৃত উজ্জ্বল ও মুন্না সুনামগঞ্জ -১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুলের ঘনিষ্টজন হিসেবে পরিচিত। বৃহস্পতিবার বিকেলে ধর্মপাশা উপজেলার মেউহারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশ থেকে তাদেরকে আটক করেছে সেনাবাহিনী।
তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী জানিয়েছেন, ওখানে বিএনপি নেতা মেহেদী হাসান উজ্জ্বল ও ছাত্রদল নেতা মুন্নাকে আটক করা হয়েছে জেনে ধর্মপাশায় যাচ্ছেন তিনি।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্লাহ্ বললেন, সেনাবাহিনী দুই জনকে আটক করে পুলিশের কাছে দিয়েছে। কী কারণে তাকে আটক করা হয়েছে বিস্তারিত জানা যায়নি। শুনেছি সেনাবাহিনী সদস্যরা সন্দেহজনক কারণে তাদেরকে নাকি আটক করেছে। আমি থানার বাইরে থাকায় এর বেশি আপাতত বলতে পারছি না।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বললেন,' শুনেছি টাকা-পয়সা লেনদেনের ঘটনায় দুই জন আটক হয়েছে। সত্য-মিথ্যা জানা সম্ভব হয়নি এখনও। পরে বিস্তারিত জানা যাবে।