ভোটারকে হুমকি দিলে ঠ্যালা সামলাতে পারবেন না: গোলাম পরওয়ার

খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দাঁড়িপাল্লার ভোটারকে এবার হুমকি দিলে আর ঠ্যালা সামলাতে পারবেন না। জুলাই-২৪ এর ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ওইসব দিন প্রস্থান হয়ে গেছে। দুর্নীতি আর চাঁদাবাজি দিয়ে সততাকে দমিয়ে রাখা যাবে না। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে অর্থনৈতিক মুক্তি, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি ইনসাফের নতুন বাংলাদেশ গড়বে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লার নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হিন্দু ভোটারদের ভয় দেখানো হচ্ছে অভিযোগ জানিয়ে তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে তাদের নাকি ঠ্যাং ভেঙে দেবে! অভিযোগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথিভুক্ত হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে প্রতিপক্ষ দল ভোটের মাঠে কালো টাকার বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা ৫৫ বছর আগের সেই বস্তাপচা কথা নিয়ে অপপ্রচার করে বেড়াচ্ছে। স্বাধীনতার পর বাংলাদেশে এ পর্যন্ত তিনটি দল বহুবার ক্ষমতায় গেছে। ৫৪ বছর তারা দেশকে শাসন করেছে। কিন্তু কেউ বলতে পারবে না যে তারা দুর্নীতি ও অনিয়ম করেনি।