logo

দিনাজপুরের পাঁচটিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র জয়ী

দিনাজপুরের পাঁচটিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয় আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে পাঁচটিতে বিএনপির প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এর মধ্যে চারটি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।

দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ)

বিএনপির প্রার্থী আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ) এই আসনে ১ লাখ ৭৯ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর মো. মতিউর রহমান (দাঁড়িপাল্লা) ১ লাখ ১৭ হাজার ৪৮১ ভোট পেয়েছেন। দুই প্রার্থীর ব্যবধান ৬১ হাজার ৮৩৩ ভোট।

দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল)

বিএনপির প্রার্থী মো. সাদিক রিয়াজ পিনাক (ধানের শীষ) এই আসনে ১ লাখ ৩৯ হাজার ৬২২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এ কে এম আফজালুল আনাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৮৭ ভোট। দুই প্রার্থীর ব্যবধান ৩৪ হাজার ৭৩৫ ভোট।

দিনাজপুর-৩ (সদর)

বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম এই আসনে ১ লাখ ৩৯ হাজার ২০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাইনুল আলম ১ লাখ ৩৪ হাজার ৬১৮ ভোট পেয়েছেন। ১৩০টি কেন্দ্রের সবকটি মিলিয়ে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ৪ হাজার ৫৮৯ ভোট।

জাতীয় পার্টির আহমেদ শফী রুবেল লাঙ্গল প্রতীকে ৩ হাজার ৭৯৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। ১ হাজার ৩৯২ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন ইসলামী আন্দোলনের মো. খাইরুজ্জামান।

এই আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কিন্তু গত বছরের শেষে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। পাশাপাশি তার শারীরিক অবস্থা বিবেচনায় সৈয়দ জাহাঙ্গীর আলমকে দল থেকে মনোনয়পত্র সংগ্রহের জন্য বলা হয়। গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া।

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর)

বেসরকারিভাবে এই বিএনপির প্রার্থী মো. আখতারুজ্জামন মিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ৩৭ হাজার ৬৬১ ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি দুই উপজেলার ১২৬টি কেন্দ্র মিলে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আফতাব উদ্দিন মোল্লা পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী)

বিএনপির বিদ্রোহী প্রার্থী এ জে এম রেজওয়ানুল হক বিজয়ী হয়েছেন। তার কাছে তিনি ৪ হাজার ৭০২ ভোটে হেরেছেন জামায়াত জোটের প্রার্থী এনসিপির আব্দুল আহাদ। দুই উপজেলার সব কেন্দ্র মিলে এ জে এম রেজওয়ানুল হক পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট।

দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর)

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৮৮৭ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আনোয়ারুল ইসলাম ১ লাখ ৮৮ হাজার ৭১৯ ভোট পেয়েছেন। দুই প্রার্থী ব্যবধান ১৫ হাজার ১৬৮ ভোট।