logo

ধানের শীষ প্রার্থীর সমন্বয়কের বাড়ি ঘেরাও, দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি

ধানের শীষ প্রার্থীর সমন্বয়কের বাড়ি ঘেরাও, দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি

কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর কৈকরই এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেদোয়ান আহমেদের নির্বাচনি সমন্বয়ক মাহবুবের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালিয়ে কিছু দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন চান্দিনা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম নবাবপুর কৈকরই গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় সংশ্লিষ্ট বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেদোয়ান আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

চান্দিনা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘শুনেছি সেনাবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। তবে এখনো আমাদের থানায় কোনো কিছু হস্তান্তর করা হয়নি।’

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া অস্ত্রের ধরন বা পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।