বহিষ্কৃত বিএনপি নেতার কাছে পরাজিত হলেন কেন্দ্রীয় নেতা প্রিন্স

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের নির্বাচনে বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এই আসনে বড় জয় পেয়েছেন স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী সালমান ওমর রুবেল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ৬ হাজার ৩৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দুই উপজেলার ১৪৩টি কেন্দ্রে (হালুয়াঘাটে ৯৪টি ও ধোবাউড়ায় ৪৯টি) মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬৪ হাজার ৬৭৩টি। এর মধ্যে সালমান ওমর রুবেল (স্বতন্ত্র) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট। অপরদিকে সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২৬ ভোট।
উত্তর জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান ওমর রুবেল। ২০১৮ সালের নির্বাচনে প্রয়াত আলী আসগর বিএনপি থেকে মনোনয়ন পেলেও পরে তা সালমান ওমর রুবেলকে দেওয়া হয়েছিল। কিন্তু ব্যাংক ঋণ জটিলতায় শেষ পর্যন্ত রুবেল বাদ পড়লে এই মনোনয়ন পান সাবেক বিচারপতি টি এইচ খানের পুত্র আফজাল এইচ খান।
বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল ছাড়াও আরও ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জিল্লুর রহমান (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মো. তাজুল ইসলাম (রিকশা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী আজহারুল ইসলাম (কাস্তে) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মো. আ. রাজ্জাক (কাঁচি)।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্য সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। জেলার প্রত্যেকটি আসনেই নির্বাচন সুষ্ঠু করতে আগে থেকেই আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া ছিল।
এই আসনটির দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৭১২। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৬০৪, নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ১০৪ ও হিজড়া ভোটার ৪ জন।