logo

ভোরের মধ্যেই সমগ্র জাতি নির্বাচনের রায় পাবে: সালাহউদ্দিন আহমদ

ভোরের মধ্যেই সমগ্র জাতি নির্বাচনের রায় পাবে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আজকের দিন আগামীর বাংলাদেশ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানুষের সিদ্ধান্তে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করবে। জনগণের ভাগ্য পরিবর্তন করবে। ইতিহাসের বাঁক বদলে দেওয়া শুরু হয়েছে। আশা করছি, শেষ পর্যন্ত সবকিছুই শান্তিপূর্ণভাবে সমাপ্ত হবে। মানুষ ভোট দিতে পারবে। আগামীকাল (১৩ ফেব্রুয়ারি) ভোরবেলার মধ্যেই সমগ্র জাতি নির্বাচনের রায় পাবে।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ার বরইতলীর একটি ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন,‘আমি অনেক কেন্দ্র ঘুরে দেখেছি। মানুষের মধ্যে ঈদের আমেজ দেখলাম। আনন্দ উচ্ছ্বাস। ভোট দেওয়ার পরেও তারা কেন্দ্রের বাইরে অপেক্ষা করছে। মানুষের মধ্যে উৎসব উৎসব লাগছে। আমি খুবই খুশি এবং আনন্দিত। আমার মতো সব নাগরিক, ভোটার আনন্দিত। আমার মনে হয় দীর্ঘ ১৭ বছর পরে এই রকম একটা পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য এই জাতি অপেক্ষা করছিল।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কিছু মহল অস্বাভাবিক পন্থায় উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে চায়। গত কয়েকদিন বাংলাদেশের মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে। ভোটে নির্বাচন কমিশন খুবই আন্তরিক ছিল। আমার মনে হয় শতভাগ না পারলেও শতকরা ৮০ ভাগ বা তারও বেশি সাকসেসফুলি করা গেছে। আমরা দেখছি জনগণের বিজয়। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা। নতুন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালীকরণের যে প্রক্রিয়া শুরু হলো সেটা অব্যাহত থাকবে, এটাই আমাদের অঙ্গীকার ও প্রতিশ্রুতি।’

ভোটকেন্দ্র পরিদর্শনকালে সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদ উপস্থিত ছিলেন।