৫৫ হাজার পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী ভোটদান সম্পন্ন করেছেন। এরমধ্যে ৫৫ হাজার ৩৪১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দেশের ৫২ জেলায় ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী (আইসিপিভি) ২ লাখ ৪৪ হাজার ৬২৫ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী গন্তব্যের দেশে পৌঁছেছে।
আর ৫ লাখ ৯ হাজার ৬০১ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এরমধ্যে ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী ভোটদান সম্পন্ন হয়েছে।
এ ছাড়া ৩ লাখ ৯৪ হাজার ১৭৪ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। অপরদিকে ৫৫ হাজার ৩৪১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
সালীম আহমাদ খান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশ ও প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।