logo

যুক্তরাষ্ট্রের নাগরিক ৭৯ বছর বয়সি নওরীন ভোট দিলেন সিলেটে

যুক্তরাষ্ট্রের নাগরিক ৭৯ বছর বয়সি নওরীন ভোট দিলেন সিলেটে

৭৯ বছর বয়সি নওরীন খানম। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিক। স্বাধীনতার পর থেকে দেশের প্রতিটি নির্বাচনেই তিনি ভোট দিয়েছেন। বাদ যায়নি এবারও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সিলেট নগরের ১ নম্বর সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ছেলে-নাতিদের নিয়ে তিনি ভোট দিতে আসেন।

ভোট দিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করে বলেন, স্বাধীনতার পর থেকে জাতীয় সংসদের কোনো ভোটে তিনি ভোট দেওয়া থেকে বিরত থাকিনি। এবারও ভোট দিতে দেশে এসেছি। পরিবেশ ভালো, উত্তেজনা নেই। ভোট দিতে পেরে ভালো লাগছে। নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, দেশের অগ্রগতি ও জনগণের জন্য যেন তারা কাজ করে সেই প্রত্যাশা নওরীন খানমের।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের পাশাপাশি সিলেটেও ভোটগ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্রে নারী ভোটারদের ভিড় বেশি। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় নারী ভোটারদের লম্বা লাইন। এর মধ্যে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, কিনব্রিজ সংলগ্ন সারদা স্মৃতি ভবন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সারদা হলে ভোট দিয়েছেন ৭৩ বছরের নারী সাহেদা বানু। ছেলের সঙ্গে এসে ভোট দিয়েছেন তিনি। এবারের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সকালে ভোট দিলে শান্তিতে দেওয়া যায়। কোনো ঝামেলা থাকে না। সারাদিনের রোদ-ভিড়ের মধ্যে আমাদের জন্য ভোট দেওয়া কঠিন হয়ে যায়। শান্তিতে ভোট দিতে পেরে আনন্দ লাগছে।

সারদা স্মৃতি ভবন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুর রশিদ জানান, তার কেন্দ্রে ভোটার সংখ্যা ২৮৬৮। সকালে প্রথম এক ঘণ্টায় ২০২ ভোট পড়েছে। নারী ভোটারের উপস্থিতি বেশি।

সিলেটের রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম বলেছেন, চার ঘণ্টায় ২০ শতাংশের বেশি ভোট পড়েছে। বিকেল পর্যন্ত ৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা তার।