চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ বিএনপির

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ ঘটনায় বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট মো. তোসিকুল আলম স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, শিবগঞ্জ পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াত নেতাকর্মীরা সাধারণ ও নিরীহ ভোটারদের টাকার প্রলোভন দেখিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। নির্বাচন সামনে রেখে এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনি আচরণবিধির গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।
অভিযোগে আরও বলা হয়, জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় গোপনে ও প্রকাশ্যে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের কর্মীরা ভোট কেনার সঙ্গে জড়িত—এমন প্রশ্নই ওঠে না। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’ তিনি আরও জানান, বিষয়টি তারা নিজেদের পক্ষ থেকেও খতিয়ে দেখবেন।
এ বিষয়ে জানতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নির্বাচনি আইন অনুযায়ী, ভোটারকে প্রভাবিত করার উদ্দেশ্যে অর্থ বা অন্য কোনো সুবিধা প্রদান শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন তদন্তে নামলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।