logo

বগুড়ায় ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক

বগুড়ায় ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক

বগুড়া-৬ (সদর) আসনে ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের দায়ে নামিরুল ইসলাম জ‌ার্জিস নামে এক জামায়াত নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। 

নামিরুল হক জার্জিস পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি পদে রয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জামায়াত নেতা নামিরুলের নেতৃত্বে ১০ থেকে ১৫ নেতাকর্মী ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে নাসিরুলকে কেন্দ্রের ভিতর থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এ ছাড়া তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়।

বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন বলেন, শুধু পোলিং এজেন্টের নামের তালিকা দিতে প্রিসাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন জামায়াতের কর্মীরা। সেখানে বিএনপি নেতাকর্মীরা মব তৈরি করে জামায়াত নেতাকে আটক করিয়েছেন৷

এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন যে, তারা রাতে পোলিং এজেন্টের তালিকা প্রিসাইডিং অফিসারের কাছে জমা দিতে কেন্দ্রে এসেছিলেন। তবে রাতে এ ধরনের তালিকা জমা দেওয়ার কোনো সুযোগ নেই। আটক ব্যক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।