তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর দলটির চেয়ারম্যান ও সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন দেশের নেতারা। সেই ধারাবাহিকতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং একই সঙ্গে অন্তর্বর্তী সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার ভূমিকার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম বিএনপি ও তারেক রহমানকে ‘ঐতিহাসিক বিজয়ের’ জন্য উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, এই ফলাফল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক মতপ্রকাশের প্রতিফলন এবং দীর্ঘ রাজনৈতিক উত্থান-পতনের পর জনগণের সিদ্ধান্ত স্পষ্টভাবে সামনে এসেছে।
বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। পাশাপাশি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের নাগরিকদেরও শুভেচ্ছা জানান আনোয়ার ইব্রাহিম।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে।