logo

শরীয়তপুরে টাকাসহ জামায়াত কর্মী আটক, ২ বছরের কারাদণ্ড

শরীয়তপুরে টাকাসহ জামায়াত কর্মী আটক, ২ বছরের কারাদণ্ড

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ গোলাম মোস্তফা নামের এক জামায়াতে ইসলামী কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নড়িয়া পৌর এলাকার বৈশাখীপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক গোলাম মোস্তফা শহিদ সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জলিল মাস্টারের বাড়িতে জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মী টাকা ভর্তি ব্যাগ নিয়ে প্রবেশ করেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল সেখানে অভিযান পরিচালনা করলে ঘটনাস্থল থেকে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটকও করা হয়।

পরে আটক চারজনের মধ্যে মো. গোলাম মোস্তফাকে ভ্রাম্যমাণ আদালত দুই বছরের কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা করেন। বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

লাকি দাস বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং একটি ব্যাগে কিছু টাকা পাই। পরে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আসেন। যাচাই-বাছাই করে দেখা যায় সেখানে ৭ লাখ ২০ হাজার টাকা ছিল। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট একজনকে দুই বছরের কারাদণ্ড দেন এবং অন্যদের ছেড়ে দেন।’

তবে উদ্ধার হওয়া টাকার উৎস বা কী উদ্দেশ্যে তা রাখা হয়েছিল, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যেও এ নিয়ে আলোচনা চলছে।