নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ৫৯ দশমিক ৪৪ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৯৯টি আসনে গড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ ভোটের হার নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশে অনুষ্ঠিত ১২টি সংসদ নির্বাচনের মধ্যে সবচেয়ে বেশি ৮৭ দশমিক ১৩ শতাংশ ভোট পড়েছিল ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে।
এ ছাড়া সবচেয়ে কম ৪৯ দশমিক ৬৭ শতাংশ ভোট পড়েছিল ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে।
এর আগে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সারা দেশে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে ৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
নির্বাচনের ফলাফলে ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলে সরকার গঠনের জন্য দেড় শতাধিক আসনে জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থীরা। সে হিসেবে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
সংবিধান অনুযায়ী, সরকার গঠনের জন্য ৩০০ আসনের জাতীয় সংসদে অন্তত ১৫০টি আসন লাভ করতে হয়। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, নতুন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি।