logo

দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ আর হাফিজ উল্যাহ বলেছেন, আপনারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন, আপনারা সওয়াবের ভাগি হবেন। আপনাদের জন্য জান্নাত অবধারিত, আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন তাহলে গুনাহগার হবেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থীর দেওয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনি এলাকা কমলনগর উপজেলার কোনো একটি ব্লকে ৪-৫ দিন আগে গণসংযোগে বক্তব্য দেওয়ার সময় হাফিজ উল্যাহ ওইসব কথা বলেন। হাফিজ উল্যাহ জেলা জামায়াতের সেক্রেটারি ও রামগতি উপজেলার বাসিন্দা।

ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে মাইক হাতে হাফিজ উল্যাহকে বলতে শোনা যায়, ‘মা-বোনদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে। এগুলো কি আপনারা পান। এগুলো পান না। তারপরে জেলে কার্ড আছে। সেগুলো পাওয়া যায় না। আপনাদের কাছে অনুরোধ করব, এক দল দুর্নীতি করতে করতে শেষ, আরেকদল বিগত দিনে দুর্নীতি করেছে, আবার করতে রেডি হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ আমাদের দ্বারা দুর্নীতি হবে না।’ 

তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই, আপনারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন, আপনারা সওয়াবের ভাগি হবে। আপনাদের জন্য জান্নাত অবধারিত, আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন তাহলে গুনাহগার হবেন। ওরা ভোট দেওয়ার পরে নির্বাচিত হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি করবে। এ ছাড়া রাস্তার টাকা মেরে খাবে, প্রজেক্টের টাকা মেরে খাবে, এটা হলো তাদের কাজ।’ 

এদিকে জামায়াত প্রার্থীর ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা নানা বিরূপ মন্তব্য করছেন। মাইন উদ্দীন নামে একজন ফেসবুকে লেখেন, ‘তারা এভাবে দেশের সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। হাফিজ ভাই এভাবে আর কত আপনারা মানুষকে ধোঁকা দেবেন? হাফিজ ভাই আপনি যদি জান্নাতের টিকিট দিতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আমার প্রথম ভোট আমি আপনাকে দেব, দাঁড়িপাল্লায় দেব।’

ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে জানতে চাইলে জামায়াতের প্রার্থী এ আর হাফিজ উল্যাহ এশিয়া পোস্টকে বলেন, ‘আমাদের ইন্টার্নাল একটা প্রোগ্রাম ছিল। বক্তব্য তো অনেকগুলোই দিয়েছি, কাটছাঁট করে সেখান থেকে এনে মিলিয়ে দিয়েছে। আমি এরকম বক্তব্য দিইনি। এ বিষয়ে প্রতিবাদ জানানো হবে।’