চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে জামায়াতের কেরামত আলী জয়ী

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. কেরামত আলী জয়ী হয়েছেন। ১৫৯টি কেন্দ্রে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮৭৬।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহজাহান মিয়াঁ পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৭১৯ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২৯ হাজার ১৫৭ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে পৌনে ১০টায় এই তথ্য পাওয়া গেছে। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিরতহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ৭২ শতাংশ ভোটার ভোট প্রদান করেন।
নির্বাচন প্রসঙ্গে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ জানান, জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।