ফরিদপুরে কেন্দ্রের মধ্যে ভোটারদের টাকা বিতরণ, ধানের শীষের এজেন্টকে জরিমানা

ফরিদপুরে ভোটকেন্দ্রের কক্ষের ভেতরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে জরিমানা করেছেন বিচারিক আদালত। তানজির ইসলাম নামে ওই এজেন্টকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এই আদেশ দেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি-২১৩ এর চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সিভিল জজ মো. সালাউদ্দিন।
বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত তানজির ইসলাম ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিচারিক আদালত সূত্রে জানা গেছে, কেন্দ্রটিতে প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামানের অভিযোগ অনুযায়ী ওই পোলিং এজেন্টকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভোটারদের টাকা দিয়ে নির্ধারিত প্রতীকে ভোট দেওয়ায় প্ররোচিত করার অভিযোগ পাওয়া যায়। অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, ওই পোলিং এজেন্ট বিএনপির প্রতী ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটারদের মধ্যে টাকা দিচ্ছেন বলে অভিযোগ করেন জামায়াতের পোলিং এজেন্ট। পরে প্রশাসনকে জানানো হলে তারা দ্রুত এসে ব্যবস্থা নিয়েছে।