কুমিল্লার চৌদ্দগ্রামে ৩ কেন্দ্রে ভোট বাতিল

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম সংসদীয় আসনের তিনটি কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম সংসদীয় আসনের তিন ভোটকেন্দ্রে ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এতে উপজেলার গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট বাতিল করা হয়েছে। ওই তিনটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১২ হাজার ৬৯৮।
কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান বলেন, ‘ওই তিনটি কেন্দ্রে জোরপূর্বক ব্যালট ছিনিয়ে সিল মারা হয়েছে। এছাড়া আরও কিছু অভিযোগ রয়েছে। প্রিসাইডিং কর্মকর্তাদের অনুরোধে এসব কেন্দ্রের ভোট বাতিল করা হয়। আমরা বিষয়টি তদন্ত করছি।’