দুই নাতির হাত ধরে ভোট দিতে এলেন বৃদ্ধা আনোয়ারা

মাদারীপুর সদর ও রাজৈর মিলিয়ে মাদারীপুর-২ আসন। সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের একটি গ্রাম ঝাউদি। এ গ্রামের একটি ভোটকেন্দ্র শেখ শহিদুল উচ্চ বিদ্যালয়। এ কেন্দ্রে ভোট দিতে দুই নাতির হাত ধরে আসলেন ৯০ বছর বয়সী আনোয়ারা বেগম। ভোট দিয়ে বললেন, ‘এই প্রথম আমি এরকমভাবে ভোট দিতে পারছি। এর আগে আমি আর ভোট দিতে পারিনি। আগে ভোট দিতে এসে শুনেছি, আমার ভোট দেওয়া হয়ে গেছে।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভোট দিয়ে ফেরার পথে এ কথা বলেন আনোয়ারা বেগম।
আনোয়ারা বেগম বলেন, ‘এ রকম শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজে দিতে পারব, ভাবি নাই। ভোট দিয়ে ভালো লাগছে। ভোট দিতে চেয়েছি, তাই আমার দুই নাতি রাহিল কাজী ও রোহান কাজীর হাতে ভর করে চলে আসলাম।’
মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে জানা গেছে, মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে ৩৮১টি ভোটকেন্দ্রের মাধ্যমে ১১ লাখ ৪৮ হাজার ৩৩০ জন ভোটার তাদের ভোট দেবেন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ৭ জন, পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন।
মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, মাদারীপুর জেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরা স্থাপনসহ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ভ্রাম্যমাণ আদালতসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।