logo

ভোট প্রদানে বাধা ও এজেন্টদের মারধরের অভিযোগ ইসলামী আন্দোলনের 

ভোট প্রদানে বাধা ও এজেন্টদের মারধরের অভিযোগ ইসলামী আন্দোলনের 

সারা দেশে বিভিন্ন জায়গায় ভোটদানে বাধা ও হাতপাখার পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়। 

এতে বলা হয়, লক্ষ্মীপুর-১ ভাটোরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি কর্তৃক ভোট প্রদানে বাধা দেওয়া হচ্ছে। ভোলা-১ আসনের বেশিরভাগ কেন্দ্রে বিএনপি জোটের গরু মার্কার নেতাকর্মীরা হট্টগোল ও ভোটদানে বাধা প্রদান করছে, কিছু আসনে হাতপাখার পোলিং এজেন্টদের মারধরের সংবাদও পাওয়া গেছে।

এ ছাড়া বরিশাল-১ আসনের জয়গোপী ১০৫নং কেন্দ্রের বাইরে ধানের শীষের মিছিল ও জনসমাগম লক্ষ করা গেছে। ঝালকাঠি-১ নং আসনের রাজাপুর বড়াইয়া ইউনিয়নে হাতপাখার নেতাকর্মীদের কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বেও দাঁড়াতে না দেওয়া ও মারধরের সংবাদ পাওয়া গেছে। কুমিল্লা-১১ আসনের আলকড়া ও গুনবতি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে হাতপাখার পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে না আসার জন্য হুমকি দেওয়া হয়েছে।

ইসলামী আন্দোলন আরও জানায়, বিষয়গুলো নিয়ে আমরা শঙ্কিত। নতুন বাংলাদেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচনি পরিবেশ নষ্ট যেন না হয় তাই সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা অনাকাঙ্ক্ষিত এসব বিষয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।