সিলেটে কেন্দ্রগুলোতে নারী ভোটারের দীর্ঘ লাইন

সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে সিলেটে। সময়ে বাড়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রগুলোতে নারী ভোটারদের ভিড় গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় নারী ভোটারদের লম্বা লাইন। এর মধ্যে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, কিনব্রিজ-সংলগ্ন সারদা স্মৃতি ভবন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সারদা হলে ভোট দিয়েছেন ৭৩ বছরের নারী সাহেদা বানু। ছেলেকে নিয়ে ভোট দিতে আসেন তিনি। ভোট দেওয়ার পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘সকালে ভোট দিলে শান্তিতে দেওয়া যায়। কোনো ঝামেলা থাকে না। রোদ-ভিড়ের মধ্যে আমাদের জন্য ভোট দেওয়া কঠিন হয়ে যায়। শান্তিতে ভোট দিতে পেরে আনন্দ লাগছে।
সারদা স্মৃতি ভবন কেন্দ্র বেশি নারী ভোটারের উপস্থিতির বিষয়টি নিশ্চতি করেছে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুর রশিদ। তিনি জানান, তার কেন্দ্রে ভোটার সংখ্যা ২৮৬৮। সকালে প্রথম এক ঘণ্টায় ২০২ ভোট পড়েছে।
সুবিদবাজার এলাকার পিটিআই একাডেমি ভবন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার খায়রুল ইসলাম বলেন, সব প্রার্থীর এজেন্ট আছেন। সাড়ে ৭টায় ভোট শুরুর পর আধা ঘণ্টায় ৫০টির মতো ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৯৭ জন যাদের সবাই নারী।