জামায়াতের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ বিএনপি প্রার্থীর

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের তাহিরপুর উপজেলায় ভোটারদের প্রভাবিত করতে জামায়াত ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তুলেছে বিএনপি প্রার্থী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের নির্বাচন পরিচালনা ও মনিটরিং কমিটির প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বল সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদের নেতাকর্মীরা ভোটারদের প্রভাবিত করতে তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় নগদ টাকা ছড়াচ্ছেন। জামায়াত নেতাদের এমন কর্মকাণ্ডে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অভিযোগ যাচাই-বাছাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নগদ টাকা ছাড়ানোর এই কর্মকাণ্ডে জামায়াত ইসলামীর স্থানীয় চার নেতা বড়দল উত্তর ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম, শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের ফরিদ মিয়া, বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের সেলিম মিয়া ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা মহসিন রেজা জড়িত।
অভিযুক্তদের মধ্যে মহসিন রেজা অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, বিষয়টি খুবই হাস্যকর বরং যারা এমন ধরনের অভিযোগ করেছেন এটিকে থ্রেট বলা যায়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন আছে।